বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: March 18, 2017 | সময়: 7:18 pm

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার জাতির পিতার ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে নেতার জন্ম না হলে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু নিজে ছিলেন স্বাধীনচেতা, তিনি দেশকেও স্বাধীন করেছেন।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি না গেছেন। তিনি মানুষের মাঝে আত্মসচেতনতা সৃষ্টি করেছিলেন। অধিকার চেতনা সৃষ্টি করেছেন। দিয়েছেন ছয়দফা; করেছেন কারাবরণ। কোনো লোভ-লালসার কাছে তিনি মাথা নত করেননি।