স্টাফ রিপোর্টার ॥
সিলেটে শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি অপারেশনের সফলতা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সিলেটে শিববাড়ির আতিয়া মহলে অপারেশন সফলতার ঘোষাণার কয়েক ঘন্টা পড়ে কেনো আবা বিস্ফোরণের ঘটনা ঘটলো। এছাড়া কিভাবে আবার মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছে, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ সরকার বলছে, দেশে কোন জঙ্গি নেই। জঙ্গি দমন করতে সরকার সফল হয়েছে। যদি তাই হয়, তা হলে এগুলো কথা থেকে আসছে?
বুধবার দুপুরে রাজধানী কচি কাঁচা মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। একথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। এছাড়া আওয়ামী লীগ বিদেশীদের কাছে জঙ্গিবাদের কথা বলে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা ‘আওয়ামী লীগ’ বিদেশীদের বলছে, জঙ্গি দমন একমাত্র আওয়ামী লীগ সরকারি করতে পারে- বলেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে যেখানে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে, সেই ১৩ তলাতেই কেনো আগুন লাগলো? কারণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সঙ্গে জড়িত ব্যাংকের কর্মকর্তাদের বাঁচানোর জন্য এটা করা হয়েছে- বলেন মোশাররফ। তিনি বলেন, বাংলাদেশ রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত কমিটি এখনো কোন তথ্য দিতে পারেনি। আর এখন তথ্য চাইলে বলবে, আগুনে সব ডকুমেন্ট পুড়ে ছাই জয়ে গেছে।
তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, যখন বাংলাদেশ ব্যাংকের আগুন, ঠিক তখনই কেনো জঙ্গি ঘটনা।
‘প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখেই কী জঙ্গিবাদের ঘটনা’ জনমনে এ নিয়ে প্রশ্ন রয়েছে- বলেন বিএনপির এ নেতা।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা হুমকি কোন দিক থেকে? যদি হুমকি না থাকে তাহলে কিসের চুক্তি- প্রশ্ন তার।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খুব শিগগির নির্বাচনকালীন সরকারের রুপ রেখা ঘোষণা করবেন। আমরা সেটা কায়েম করেই নির্বাচনে যাবো। তবে শেখ হাসিনা চাচ্ছেন, ৫ জানুয়ারির মত আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যেতে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ৫ জানুয়ারি নির্বাচন আর হবে না। আর জনগণও সেটা মানবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হবে না তবে এটা হাসিনা মানবেন না। আমাদেরকে এটা হাসিল করতে হবে। আর এ জন্য আপনারা প্রস্তুত থাকুন।
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু’র সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ বক্তব্যে রাখেন।

