ঢামেকে অ্যাম্বুলেন্স বাণিজ্য আবারও শুরু!

প্রকাশিত: April 23, 2017 | সময়: 11:12 am

বাংলাভূমি ডেস্ক ॥
কিছুদিন থেমে থাকলেও আবারও শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স ব্যবসা। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে দিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক বলছেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও আ্যম্বুলেন্স নীতিমালা তৈরি না হওয়ায় এ নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসা-সেবার কেন্দ্রবিন্দু। আর এখানেই দীর্ঘদিন ধরে চলছিলো রোগীর অসহায়ত্বকে পুঁজি করে অ্যাম্বুলেন্স বাণিজ্য। গত বছরের ১৫ই অক্টোবর হাসপাতাল প্রাঙ্গণে এক অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত হন চার জন। টনক নড়ে কর্তৃপক্ষের, হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেয়া হয় অ্যাম্বুলেন্স।

কিন্তু পাঁচ মাসের মাথায় আবারও ঢাকা মেডিকেলে ঢুকেছে এসব অ্যাম্বুলেন্স আর এর পেছনে আছে চারটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ আছে ঢাকা মেডিকেলের নতুন ও পুরনো ভবনকে কেন্দ্র করে দুই অংশে বিভক্ত হয়ে এ বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছেন কামরান মাতব্বর, ইলিয়াস মোল্লা, আকবর আলী ও সোহরাব হোসেন। হাসপাতালের ভেতরে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স।

কারণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থার গাফিলতিকে দায়ী করছে কর্তৃপক্ষ। পাশাপাশি এ বিষয়ে দুই মাসের মধ্যে নীতিমালা হওয়ার কথা থাকলেও এখনও তা না হওয়ায় হতাশ হাসপাতাল পরিচালক।

দেশের সবচেয়ে বড় এ হাসপাতালে প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্স না থাকায় এ নৈরাজ্য বন্ধ হচ্ছে না বলেও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইনডিপেন্ডেন্ট টিভি