জেলা প্রতিনিধি, সিলেট ॥ নিরাপদ সড়কের দাবিতে মাত্র ২৪ ঘণ্টায় মোটরসাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন তিন বাইকার। দুঃসাহসিক এই অভিযাত্রী দলে রয়েছেন, বাইকার শুভ্র সেন, রাদবি রেজা ও জুন সাদিকুল্লাহ। ২৪ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মোটরবাইকে এটাই প্রথম কোনো অভিযাত্রা।
শনিবার ভোর ৪টায় তেঁতুলিয়ার বাংলাবান্দা জিরো পয়েন্টে পৌঁছান তারা। এর আগে শুক্রবার ভোর রাতে টেকনাফ থেকে যাত্রা শুরু করেন।
কোনোধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নিরাপদে এই ভ্রমণ শেষ করতে পেরেছেন বলে জানিয়েছেন বাইকার দলের সদস্য জুন সাদিকুল্লাহ।
মানুষকে নিরাপদে চলাচলে উদ্বুদ্ধ করতেই তাদের এই অভিযাত্রা। এতটা পথ যদি ২৪ ঘণ্টায় নিরাপদে পৌঁছানো সম্ভব হয় তাহলে মানুষ কেন অল্প পথ পাড়ি দিতে দুর্ঘটনায় পড়বে-এমন প্রশ্ন রাখেন জুন।
অভিযাত্রীরা জানান, টেকনাফ থেকে তেতুলিয়ায় এই যাত্রায় তারা প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
বাইকার দলের সদস্য শুভ্র সেন পেশায় একজন হিসাবরক্ষক। মোটর সাইকেলর প্রতি প্রচণ্ড ভালোবাসা সেই ছোটো বেলা থেকেই। আর বড় হয়ে এই ভালবাসার কারণে গড়ে তুলেছেন মোটর সাইকেল কেন্দ্রিক বাংলাদেশের প্রথম মোটর সাইকেল ব্লগ বাইকবিডি.কম (িি.িনরশবনফ.পড়স)। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের ৫৭টি জেলা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন।
বাইকার দলের আরেক সদস্য রাদবি রেজা পেশায় একজন প্রকৌশলী। তবে তিনি হিউম্যান রাইটস বাংলাদেশের সহ সভাপতি। ছোটবেলা থেকে মোটরসাইকেলের প্রতি ঝোঁক। আর নিরাপদে মানুষকে পথ চলতে উৎসাহিত করতেই এই ভ্রমণে যোগ দেওয়া।
অপর সদস্য জুন সাদিকুল্লাহ একজন সৌখিন ফটোগ্রাফার। বাংলাদেশের বেশিরভাগ জেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি। ভবিষ্যতে মোটরসাইকেল যোগে সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের আশা আছে তার।

