বাংলাভূমি ডেস্ক ॥
সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে স্থানান্তর করা হয়েছে। মামলার অগ্রগতি তদন্তের জন্য পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিবিআই-এর বিভাগীয় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে আতিয়া মহলের মামলা দুটি পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। মামলা দুটি নিয়ে আগামী ১৫ মে গণমাধ্যমে প্রেসবিফ্রিং করা হবে, তখন সবকিছু জানানো হবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে। ২৫ মার্চ সন্ধ্যায় ভবন সংলগ্ন পাঠানপাড়া পর পর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ৭ জন নিহত হন। এবং অভিযানে চার জঙ্গি নিহত হয়।
এ ঘটনার পর মোগলাবাজার থানার এসআই শিপলু দাস বাদী হয়ে হত্যা মামলা এবং এসআই সুহেল বাদী হয়ে বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করেন। ২৮ মার্চ সন্ধ্যায় অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

