দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: May 31, 2017 | সময়: 10:13 am

স্টাফ রিপোর্টার ॥

দু’দিনের সরকারি সফরে অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।

এর আগে অস্ট্রিয়ায় স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী মঙ্গলবার ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করেন।

আনুষ্ঠানিক আলোচনা শেষে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানীর গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠান এবং ইফতারে যোগ দেন।