দেশে লাইসেন্স প্রাপ্ত কোনো এমএলএম কোম্পানি নেই

প্রকাশিত: June 5, 2017 | সময়: 1:44 pm

স্টাফ রিপোর্টার ॥

বর্তমানে দেশে লাইসেন্স প্রাপ্ত কোন মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) নেই বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আইন ভঙ্গ করে অবৈধভাবে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মন্ত্রণালয় হতে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের এপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরে (২০১৬-১৭) বিশ্বের ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি চীনের সঙ্গে। এর পরিমাণ ছয় হাজার ৮৮১ দশমিক ৪৭ মিলিয়ন ডলার। এরপরই রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ তিন হাজার ৯৯৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের চীনে ৭৩৬ দশমিক ৯৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানি হয়েছে সাত হাজার ৬১৮ দশমিক ৪ মিলিয়ন ডলার। ভারত থেকে ৫২২ দশমিক ৮৪ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানি হয়েছে চার হাজার ৫২১ মিলিয়ন ডলার।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৬ হাজার ৬২৫ দশমিক ৯৮ মিলিয়ন ডলার।