বাংলাভূমি ডেস্ক ॥
নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে সিলেটের বন্যা কবলিত এলাকার। সুরমা-কুশিয়ারার পানিও কমতির দিকে। বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ স্পষ্ট হলেও দুর্গতদের খাবারের সংকট কাটছে না। তবে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
বন্যার সময় যারা আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন, পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা তাদের অনেকেই বাড়ি ফিরেছেন পরিবার নিয়ে। কিন্তু যাদের কাঁচা ঘর রয়েছে বন্যায় তাদের সেই ঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে কিনা সেই আশঙ্কা তাদের মনে। এর মাঝেই চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই।
বন্যা কবলিত এলাকার অনেক পরিবারে রয়েছে খাবারের সংকট। জেলা প্রশাসনের হিসাবে, ৮ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজার পরিবার। ত্রাণ হিসেবে দেয়া হয়েছে পরিবার প্রতি ৬ কেজি করে চাল। নগদ টাকা পড়েছে জনপ্রতি ৮ টাকা ৬৪ পয়সা করে।
তবে, জেলা প্রশাসক বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
বন্যা কবলিতদের জন্য বিয়ানীবাজার, ওসমানীগর ও ফেঞ্চুগঞ্জে ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে এখানে এসেও খাবারের কষ্ট দূর হচ্ছে না অনেকের।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

