রেইনট্রির ধর্ষণ মামলার অভিযোগ গঠন শুনানি ১৩ জুলাই

প্রকাশিত: July 9, 2017 | সময়: 1:09 pm

স্টাফ রিপোর্টার ॥
বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ জুলাই নির্ধরণ করা হয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করা হয়েছে।

আজ (রোববার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজম এই দিন ঠিক করেন। এর আগে আসামিপক্ষ থেকে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়।

ওই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। গত ৮ জুন শাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর তিনজন আসামি হলেন শাফাতের বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও তার দেহরক্ষী রহমত আলী। ঘটনার ৪০ দিন পর দুই তরুণী বনানী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাদের হয়রানি করে পুলিশ। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে হইচই পড়ে যায়।

এর আগে বনানীর রেইনট্রি হোটেলে কীভাবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রী ধর্ষণের শিকার হন তা সবিস্তারে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন শাফাত আহমেদ। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে শাফাত বলেন, ধর্ষণের ঘটনার পর ভয় পেয়ে তিনি তার বন্ধু সাদমান সাকিফকে ফোন করেন। পরে তিনি এই জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন। তাতে উল্লেখ করেন, স্বেচ্ছায় তিনি জবানবন্দি দেননি। ভয় ও চাপের মুখে দোষ স্বীকারে বাধ্য হয়েছেন। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ষড়যন্ত্রের শিকার তিনি। একইভাবে নাঈম আশরাফও আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। তিনিও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।