স্পোর্টস ডেস্ক ॥
ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ঠিকই নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন তার প্রমাণ রাখল ওয়েস্ট ইন্ডিজ। লুইসের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে একমাত্র টি-টোয়েন্টিতে ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে দলটি।
জ্যামাইকার সাবিনা পার্কে শুরুতে ব্যাট করে স্বাগতিকদের ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। ওই লক্ষ্য তাড়ায় লুইসের ঝড়ো সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করা জয়।
দলকে দাপুটে জয় এনে দেওয়ার পথে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন এভিন লুইস। তার ১২৫ রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের হয়েও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইলের ১১৭ রানের ইনিংস এত দিন শীর্ষে ছিল।
এই সেঞ্চুরির ফলে গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি পেলেন লুইস। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটিও ভারতের বিপক্ষে করেছিলেন লুইস।
কিংসটনে ভারত-উইন্ডিজ ম্যাচে গতকাল লুইসের কাছ থেকে ছক্কার বৃষ্টি দেখেছে সমর্থকরা। ভারতীয় বোলারদের বেদম পিটিয়ে একের পর এক বল গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। তার ৬২ বলে ১২৫ রানের ইনিংসে ১২টি ছক্কার সঙ্গে ৬টি চার।

