নতুন ধারাবাহিকে আফরান নিশো

প্রকাশিত: July 10, 2017 | সময়: 12:57 pm

বিনোদন ডেস্ক ॥

অভিনেতা আফরান নিশোকে সারা বছর খণ্ড নাটক ও টেলিফিল্মে বেশি দেখা যায়। তবে ধারাবাহিক নাটকেও অভিনয় করেন, সেটা খুবই কম। এবার নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেতা। নাটকটির নাম শ্বশুরালয় মধুরালয়, যেটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদে।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আলভী আহমেদের নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। তিনি খুব যতœ নিয়ে ধীরে ধীরে বুঝে শুনে কাজ করছেন। যে কারণে আমি তার নির্দেশনায় কাজ বেশ উপভোগ করেছি। তাছাড়া আমার বিপরীতে অভিনয় করছেন অপর্ণা। সব মিলিয়ে আশা করছি কাজটি ভালো লাগবে দর্শকদের কাছে।

নির্মাতা আলভী আহমেদ জানান, শ্বশুরালয় মধুরালয় ধারাবাহিকটি একটি পুরোপুরি ফ্যামিলি ড্রামা। ৫২ পর্বের এই ধারাবাহিকটি বর্তমানে নির্মাণাধীন। নতুন স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভি প্রচারে আসলেই শ্বশুরালয় মধুরালয় ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

প্রতিবারের মতো গেল ঈদে নিশো অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে তার বেশিরভাগই নাটক দারুণ প্রশংসিত হয়েছে।