সংসদ নিয়ে রাজনীতি না করতে বিচার বিভাগকে আহবান জানালেন জিয়া

প্রকাশিত: July 10, 2017 | সময়: 3:11 pm

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক সংসদ। তাই এই সংসদ নিয়ে বিচার বিভাগ কোনো ধরণের রাজনীতি করবে না। আর করবেনই বা কেনো আপনারা তো কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব না। আপনাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির সংসদসদস্য জিয়া উদ্দিন বাবলু।

ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে সংসদে তিনি আরও বলেন, আপনারা আইনকে তুলে ধরবেন। সেখানে সত্য ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি। তাই আমরা আশা করবো এটা নিয়ে আর বিতর্ক না বাড়িয়ে জনগণের সম্মানের দিকে তাকিয়ে এই রায়ের বিরুদ্ধে রিভিউ করে আবার ৯৬ ধারা পুনঃস্থাপন করবেন সংবিধানে।

সংসদে তিনি আরও বলেন, বাংলাদেশের সমস্ত ক্ষমতার উৎস পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে জনগণের সার্বভৌমত্বের প্রতীক। তাই বিচার বিভাগ যে জাজমেন্ট দিবে যে জাজমেন্ট জনগণের স্বার্থের বাহিরে যাবে, গণতন্ত্রের বিরুদ্ধে যাবে, একাত্তরের চেতনার বিরুদ্ধে যাবে এবং ৭২ সংবিধানের বিরুদ্ধে যাবে তার পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, জনগণ আমাদের অধিকার দিয়েছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য। জনগণ আমাদের অধিকার দিয়েছে যে, বিচার বিভাগ হোক, শাসন বিভাগ হোক, যেকোনো বিভাগই হোক তাদের যেকোনো রকমের ত্রুটি, ব্যর্থতা সমাধানের জন্য জনগণ আমাদেরকে অধিকার দিয়েছে। আর সেই অনুযায়ী আমরা কথা বলছি।

তিনি আরও বলেন, সংসদে ৩৫০ জন বিভিন্ন দলের লোক আছে। আমরা যে দলেরই হইনা কেনো, আমরা কিন্তু জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্যই এখানে এসেছি। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে। আর আপনার জবাবদিহিতা জনগণের নির্বাচিত পার্লামেন্টের কাছে থাকবে। তাই আপনাকে সংসদসদস্যদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, একমাত্র শয়তানের জবাবদিহিতা আমাদের কাছে নাই, আছে শুধু আল্লাহর কাছে এবং ফেরেশতাদের জবাবদিহিতা আমাদের কাছে নাই, আছে আল্লাহর কাছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি আল্লাহর চেয়েও শক্তিশালী ? যে আপনাদের কোনো জবাবদিহিতা নাই। কারও কাছে আপনি জবাবদিহি করবেন না ? এটাতো হতে পারে না।

তিনি বলেন, বিচার বিভাগ ষোড়শ সংশোধনী বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা পূর্ণ বিবেচনা করে নিজেদেরকে জনগণের মুখোমুখি এবং জবাবদিহিতার প্রক্রিয়াকে জোরদার করতে হবে। তিনি বিচারপতিদের উদ্দেশ্যে করে বলেন, আপনরাইতো জবাবদিহিতার কথাই বলেন। তাই আমরা আশা করবো এই জবাবাদিহিতা পূর্ণ প্রতিষ্ঠা করে আপনারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখাবেন, ১৬ কোটি মানুষের প্রতি সম্মান দেখাবেন এবং সংবিধানের প্রতি সম্মান দেখাবেন।