স্পোর্টস ডেস্ক ॥ তিনি খেলবেন কিনা এটাই অনিশ্চিত ছিল। তবে আধা সুস্থ ক্রিস্টিয়ানো রোনালদো খেললেন, এবং দারুণ হ্যাটট্রিকে ডোবালেন প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডকে। শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এতে ৪-২ গোলের জয় নিয়ে ২০১৪ সালের ব্রাজিলের টিকিট অনেকটাই নিশ্চিত রোনালদোর দল পর্তুগালের। অবশ্য বৃটিশ দলটির বিপক্ষে এ ম্যাচ পর্তুগালের সহজ ছিল না মোটেই। ম্যাচে ৬৯ মিনিট পর্যন্ত পর্তুগাল পিছিয়ে ছিল ২-১ গোলে। তবে পরের ১৫ মিনিটে রোনালদো স্বাগতিকদের দেখালেন ফুটবল ভেল্কি। একে একে তুলে নিলেন তিন গোল। আর এদিনের হ্যাটট্রিক নৈপুণ্যে পর্তুগালের আন্তর্জাতিক ফুটবল রেকর্ডে রোনালদো ছাড়িয়ে গেলেন স্বদেশী ফুটবল লিজেন্ড ইউসেবিওকে। পর্তুগালের জার্সি গায়ে রোনালদোর মোট গোল দাঁড়ালো ৪৩-এ। এতে ইউসেবিওকে ছাড়িয়ে তালিকায় দুই নম্বরে উঠে এলেন পর্তুগালের বর্তমান অধিনায়ক। জাতীয় দলে পর্তুগিজ লিজেন্ড ইউসেবিওর ৪১ গোল। তবে পর্তুগালের জার্সিতে সর্বাধিক ব্যক্তিগত গোলের রেকর্ড থেকে খুব দূরে নেই রোনালদো। তালিকায় এক নম্বরে স্ট্রাইকার পাউলেটার নামটি সর্বাধিক ৪৭ গোল নিয়ে। শুক্রবার খেলার ১৬ মিনিটে ব্রুনো আলভেজের গোলে এগিয়ে যায় পর্তুগালই। তবে গ্যারেথ ম্যাকঅলির গোলে সমতা ও বিরতির পর জেমি ওয়ার্ড ফের গোল নিয়ে ২-১ এ গিয়ে নেন নর্দান আয়ারল্যান্ডকে। ৬৮ মিনিটে কর্নারের বলে হেডে দলকে সমতায় ফেরান রোনালদো। ৭৭ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল, এগিয়ে যায় পর্তুগাল। ৮৩ মিনিটে রোনালদো ফের হেডের গোলে পূরণ হয় হ্যাটট্রিক। এদিন রোনালদো ম্যাজিকের বিপরীতে উত্তর আয়ারল্যান্ড দলের ভোগান্তির অনেকটা দায় স্বাগতিক তারকাদের নিজেরও। গুরুত্বপূর্ণ ম্যাচে দু’দলের তারকাদেরই ছিল মাথা গরম। এতে দু’দলে ৫ হলুদ কার্ডসহ লালকার্ড দেখে বহিষ্কৃত হন তিনজন ফুটবলার। এতে দুই লালকার্ডে চড়া দাম দিতে হয় নর্দান আয়ারল্যান্ডকে। শুক্রবার গ্রেট বৃটেনের উইন্ডসোর পার্কের গ্যালারি এদিন শুরু থেকেই শোনাচ্ছিল অন্য সুর। রোনালদোর পায়ে বল গেলেই ‘বু’ ধ্বনী দিয়ে উঠছিল গ্যালারি। এর স্বাগতিক সমর্থকরা সমবেত সুরে গেয়ে উঠছিলেন- তোমার দাম গ্যারেথ বেলের চেয়ে কম।

