জঙ্গিরা র‌্যাবের দিকে গুলি ও বোমা ছুড়ছে : মুফতি মাহমুদ খান

প্রকাশিত: July 16, 2017 | সময়: 11:18 am

বাংলাভূমি ডেস্ক ॥
আশুলিয়া থানার পাঠালিয়া ইউনিয়নের চৌরাপারা গ্রামে যে বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা হয়েছে তার ভেতর জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘আস্তানার ভেতর কয়েকজন জঙ্গি আছে। তারা ভেতর থেকে র‌্যাবের দিকে গুলি, বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। র‌্যাব তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছে। আত্মসমর্পণ না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির সামনে মুফতি মাহমুদ খান এসব কথা বলেন।

শনিবার দিনগত রাত ১টার দিকে চৌরাপাড়া এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা র‌্যাব ঘেরাও করে রেখেছে।

জানা গেছে, আজাদ নামের এক ব্যক্তি গার্মেন্ট শ্রমিক পরিচয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেয়। বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বাংলা ট্রিবিউন থেকে নেয়া