সাগরে নিম্নচাপ, সকল সমুদ্র বন্দরগুলোতে চলছে ৩ নম্বর সংকেত

প্রকাশিত: July 19, 2017 | সময়: 10:39 am

স্টাফ রিপোর্টার ॥
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে সাগর। ফলে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে রাতে পুরীর কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। ঝড়ো হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিতে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা আরো জানান, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।