পাটুরিয়া-দৌলতদিয়ায় শাহজালাল ফেরি উদ্ধার

প্রকাশিত: September 8, 2013 | সময়: 2:34 pm

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ ॥ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবোচরে আটকা রো রো (বড়) ফেরি শাহজালাল উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিববার দুপুরে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যাবার সময় মাঝ নদীতে ডুবোচরে আটকা পরে শাহজালাল নামে ফেরিটি। এরপর থেকে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলে। অবশেষে তিনদিন পর আইটি জাহাজ-৩৯৪ ও আশার চেষ্টায় ফেরিটি উদ্ধার করা হয়।

এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে আরও দু’টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌ-চ্যানেলের মুখে ওই ফেরিটি আটকে থাকায় বিকল্প চ্যানেলে চারটি রো রো ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপার করছে। নদীতে পানি বৃদ্ধি পেলেও নৌরুটে নাব্যতা কম থাকায় রো রো ফেরিগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলাচল করছে। এরফলে উভয় পাড়ের ফেরিঘাটে অন্তত চার শতাধিক যানবাহন আটকে পড়েছে। এরমধ্যে পাটুরিয়া ঘাটে একশ’ ট্রাক, ৪০টি বাস ও ৬০ ছোট যানবাহন রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে শাহজালাল ফেরিটি ১০টি ট্রাক, ১২টি ছোট যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে আসার পথে ডুবোচরে আটকে পড়ে।

এছাড়া শুক্রবার বিকেলে রো রো বীরশ্রেষ্ট মতিউর রহমান ও শনিবার দুপুরে কে-টাইপ কপোতী ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের জিআর মো. মইনুদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরে ৯.১৫ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরও ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে এই পয়েন্টে বিপদসীমা অতিক্রম করবে।