স্টাফ রিপোর্টার ॥
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (২ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আজ বুধবার ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে শ্যামলীর রিং রোডের ১নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর তাঁর নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনী মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের বাস থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ওই দিন রাতেই তার স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

