মমিনুলকে ছোঁয়ার অপেক্ষায় জো রুট

প্রকাশিত: August 6, 2017 | সময়: 11:48 am

স্পোর্টস ডেস্ক ॥

ইংল্যান্ডের ভয়ংকর ব্যাটসম্যান জো রুট। শুধু ইংল্যান্ডের নয় ক্রিকেট বিশ্বে সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। ইংলিশ অধিনায়কের টেস্ট রেকর্ডটা দারুণ সমৃদ্ধ। ৫৬ টেস্টে ১২ শতকে এরই মধ্যে প্রায় পাঁচ হাজার রান করে ফেলেছেন তিনি। রুটের কয়েকদিন পর অভিষেক হলেও মমিনুল এখন পর্যন্ত খেলেছেন মাত্র ২২ টেস্ট। তবে কে কয়টা টেস্ট খেলেছেন সেটা আলোচনার বিষয় নয়। ওল্ড ট্রাফোডে দারুণ এক রেকর্ড করেছেন ইংলিশ অধিপতি জো রুট। টানা ১০ টেস্টে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। জো রুট ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন । রুটের সামনে এখন রয়েছে কেবল সাতজন। তার মধ্যে রয়েছেন বাংলাদেশি টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক।

এর আগে ২০১৫ সালে টেস্টে টানা ১১টি হাফ সেঞ্চুরি করেছিলেন বাংলাদশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক। সেবার ক্যারিবীয় লিজেন্ড ভিভ রিচার্ডস এবং ভারতের বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের পাশে নাম লেখান বাংলাদেশি ব্যাটসম্যান। তবে বিশ্বরেকর্ডটি করতে পারেননি তিনি। টানা ১২ হাফ সেঞ্চুরি করে রেকর্ডটা প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের।