বাংলাভূমি ডেস্ক ॥
বগুড়ায় কিশোরী ধর্ষণ এবং তাকে ও তার মাকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার স্ত্রীর বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে আবারও তিন দিনের রিমান্ডে চায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুই দিনের রিমান্ড শেষে রোববার আসামিদের বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালতে হাজির করে ফের তিন দিনের রিমান্ড আবেদন জানানো হবে।
এর আগে তুফান সরকারকে তিন দফায় সাত দিন এবং মার্জিয়াকে দুই দফায় ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভালো কলেজে ভর্তি করানোর কথা বলে গত ১৭ জুলাই এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন শ্রমিক লীগ বগুড়া শহর শাখার তৎকালীন আহ্বায়ক তুফান সরকার। এর ১০ দিন পর তুফান সরকারের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির নেতৃত্বে ‘একদল সন্ত্রাসী’ মেয়েটি ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে শহরের চকসূত্রাপুর এলাকায় কাউন্সিলর রুমকির বাড়িতে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে বেধড়ক পেটানো হয়। ধর্ষণের শিকার মেয়েটি এবার বগুড়া শহরের একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ২৮ জুলাই রাতে তুফান সরকার, তার স্ত্রী আশা সরকার, আশা সরকারের বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আকতারসহ ১০ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুটি মামলা করেন। এসব মামলায় এজাহারভুক্ত নয়জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

