স্টাফ রিপোর্টার ॥
সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি গাজীপুর শাখার উদ্যোগে বুধবার দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর সফল ও স্বার্থক করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর মো: আয়েশ উদ্দিন। সহ-সভাপতি মুকুল কুমার মল্লিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। সংশ্লিষ্ট বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন আজকের প্রভাত ও সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার মো. মনিরুজ্জামান, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, সাপ্তাহিক বাংলাভূমি ও অনলাইন পত্রিকা বহুমাত্রিক.কম এর সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, দৈনিক গণমুখ এর সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, দৈনিক আমাদের সময় এর গাজীপুর প্রতিনিধি অনিল মন্ডল।
উপস্থিত সাংবাদিকগণ দুর্নীতিকে সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য টিআইবি’র সকল কার্যক্রমকে স্বাগত জানান। এ বিষয়ে আরো কার্যকর ভূমিকা ও উদ্যোগ নেয়ার জন্য উপস্থিত সাংবাদিকরা মত প্রকাশ করেন। তাঁরা টিআইবি’র কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সনাকের সাবেক সহ-সভাপতি জমিলা খাতুন, সনাক সদস্য মো. হাসান আলী, এড. মো. মাসুদুর রহমান, এড. শামীম আরা বেগম ও কাজী মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন।

