‘বন্যার্তদের পাশে না থেকে রায় নিয়ে রাজনীতি করছে সরকার’

প্রকাশিত: August 16, 2017 | সময়: 11:56 am

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যা দুর্গতদের দুর্দশা লাঘব না করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতি করছে সরকার। বন্যা দুর্গতদের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল।

দুর্গতদের পাশে দাঁড়িয়ে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করে তাদের দুর্দশা লাঘব করা এই মুহূর্তে সরকারের উচিত। তা না করে প্রধান বিচারপতির দেয়া ষোড়শ সংশোধনীর রায়কে বাতিল করতে বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করছে সরকার, যা অত্যান্ত দু:খজনক।

মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় মির্জা ফখরুল সৈয়দপুরের কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর মহাবিদ্যালয় ও বাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান, সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার উপস্থিত ছিলেন।

সূত্র : বিডি প্রতিদিন