স্পোর্টস ডেস্ক ॥
নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে রুনির মাইলফলকের ম্যাচে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই এভারটনকে চেপে ধরে আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৪ মিনিটে গোলের সুযোগ পায় সিটি। আগুয়েরোর বাড়ানো বলে সিলভার শট পোস্টে লেগলে হতাশ হয় স্বাগতিকরা। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণে এভারটনকে এগিয়ে দেন রুনি। ম্যাসনের বাড়ানো বলে বল জালে জড়ান ইংলিশ এই স্ট্রাইকার। আর এতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২০০ গোল করলেন রুনি।
বিরতি আগে আরেকটি ধাক্কা খায় স্বাগতিকেরা। দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়াকার।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সিটি। ম্যাচের ৭৫ মিনিটে সেই সুযোগও পায় গাব্রিয়েল জেসুসের বদলি নামা স্টার্লিং। খুব কাছ থেকে তার নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে যায়। তবে এর সাত মিনিট পর দলকে সমতায় ফেরান ইংলিশ এই মিডফিল্ডার। দানিলোর ক্রস হেড করে ফিরিয়েছিলেন ম্যাসন। কিন্তু ফিরতি বলে জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
এদিকে ম্যাচের ৮৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার মরগান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এভারটনও ১০ জনের দলে পরিণত হয়। বাকি সময় আক্রমণ করেও আর গোল না হলে ড্রয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

