ওদের চোখেমুখে আতঙ্ক

প্রকাশিত: September 5, 2017 | সময়: 10:34 am

বাংলাভূমি ডেস্ক ॥
ঈদের আনন্দ ওদের চোখে ছিল না, ছিল একরাশ আতঙ্ক। যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে তাদের বাড়ি ঘর, জমিজমা। এরই মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের শ্রীপুর বাজার, বাহেরচর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর জামে মসজিদ, বাহেরচর কওমি মাদরাসা। এ অবস্থায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে কয়েকশ মহিলা-পুরুষ ও শিশুরা নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনের আয়োজন করে শ্রীপুর নদীভাঙন রক্ষা কমিটি। সোমবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রীপুর লঞ্চঘাট এলাকার কয়েক কিলোমিটারজুড়ে আতঙ্কিত জনপদের মানুষ এ কর্মসূচি পালন করে। তীব্র ভাঙন চলছে মেঘনা তীরবর্তী মেহেন্দিগঞ্জ উপজেলায়।

ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সরকারি তহসিল অফিস, কমিউনিটি ক্লিনিকসহ দুই শতাধিক বসতঘর ও তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বসতভিটা হারিয়ে বিভিন্ন স্থানে একটু আশ্রয়ের আসায় ঘুরছে কয়েক হাজার মানুষ। এরা কোনো ত্রাণ বা সাহায্য চায়না, এরা চায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করাসহ মাথা গোঁজার জন্য একটু জমি।

নদীভাঙন এলাকা ঘুরে দেখা যায়, এক কোটি ৭০ হাজার টাকা ব্যয়ে সদ্য নির্মিত বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন ভবনটি নদী থেকে মাত্র পাঁচ থেকে সাত হাত দূরে রয়েছে। এ স্কুল কাম সাইক্লোন সেল্টারটি উদ্বোধনের অপেক্ষা রয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধনের আগেই এটি নদীগর্ভে বিলীন হতে পারে।

অন্যদিকে শ্রীপুরের মহিষা, গাগুরিয়া এলাকার ১০-১২ হাজার মানুষ তেঁতুলিয়া ও কালাবদর নদীর কড়াল গ্রাসের মুখে পড়ে নিঃশ হয়ে পড়েছে। প্রতিদিনই ভাঙছে নদীর তীর। এরই মধ্যে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর, ফসলি জমি।

ঘাগুরিয়ার মো. জহির উদ্দিন শেখ বলেন, কয়েকদিন আগেও তার অনেক কিছু ছিল আজ সেই সব সম্পদ এখন নদীতে সে এখন নিঃস্ব। তিনি এ পর্যন্ত আটবার নদী ভাঙনের শিকার হয়েছেন। কিন্তু কোনো সহায়তা মেলেনি। এভাবে একদিনের বহু একর ফসলি জমির মালিক আজ সব হারিয়ে পথে বসেছেন। তীব্র ভাঙনে মুহূর্তে বিলীন হচ্ছে একরের পর একর জমি, বাড়িঘর। যেভাবে পারছে বাগানের শত শত গাছ, ঘরবাড়ি নদীর পাড় থেকে সরিয়ে নেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন।

তাদের মতে, সবই তো নদীতে যাবে, যা রক্ষা করা যায় তা তো বাঁচতে হবে। নদী ভাঙন রক্ষা কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ মোল্লা, শ্রীপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মাস্টার মমতাজুল হক, ওয়াহেদুজ্জামান বেপারী, স্থানীয় বিএনপি সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, অধ্যাপক মো. হোসেন, আলহাজ মাওলানা আনোয়ার হোসেন, নদীভাঙন রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সচিব শ্রী নিজন চন্দ্র দেবনাথ, মো. রিপন কাজী, মো. আমির হোসেন, মো. আফজাল হোসেন বাবু, মো. আল আমিন মো. মিজান শেখ ও মো. মঈন প্রমুখ। সূত্র : মানবজমিন