স্টাফ রিপোর্টার ॥
এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকট, যা খুব সতর্কতার সঙ্গে মোকাবেলা করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।
পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী অভিযোগ করেছেন, মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম-অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।
গত আগস্ট মাস থেকে মিয়ানমারের সেনাবাহিনী হাতে ব্যাপকসংখ্যক রোহিঙ্গা হত্যা-ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় । এ অভিযানকালে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় চার লাখ মানুষ বলে জানিয়েছেন জাতিসংঘ।

