রোহিঙ্গা ইস্যুতে কাদা ছোড়াছুড়ি নয়: ফখরুল

প্রকাশিত: September 17, 2017 | সময়: 3:20 pm

স্টাফ রিপোর্টার ॥

রোহিঙ্গা ইস্যুতে কাঁদা ছোড়াছুড়ি না করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সরকারের উচিত ছিল দেশের রাজনৈতিক দলগুলো, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু সরকার তা না করে বিএনপির ত্রাণ বিতরণে বাধা দিয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

বিএনপির ত্রাণ তৎপরতায় বাধা দেয়ার সমালোচনা করে তিনি বলেন, সরকার বিএনপির ত্রাণ তৎপরতায় বাধা দিয়ে আবারো প্রমাণ করলো সরকারের ত্রাণ দেওয়া শুধু মাত্র লোক দেখানো।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান ফখরুল।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে কাদা ছোড়াছুড়ি না করে ওবায়দুল কাদেরকে বলবো এই বিষয়ে নজর দেন। কিভাবে রোহিঙ্গাদের সমস্যা সমাধান করা যায়।

মিয়ানমারে সেনাবাহিনী রোহিঙ্গা হত্যাকে গণহত্যা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, মিয়ানমার মানবতার উপর চরম আঘাত করেছে। তাদের নিজস্ব নাগরিকদের উপর যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা গণহত্যার শামিল। আমি এটাকে গণহত্যা বলবো। মিয়ানমার এই হত্যাকাণ্ড চালিয়ে একটি গোটা জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের প্রতি, জাতিসংঘ একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে সমস্ত রাষ্ট্র গুলোর প্রতি আহ্বান জানান।

মিয়ানমার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা এই ঘটনায় নিন্দা জানাই। এটি সরকারের ব্যর্থতা যে সরকার তখন পর্যন্ত কোন নিন্দা জানাতে পারেনি গতকাল তারা এটার নিন্দা জানিয়েছেন।

এসময় ত্রান বিতরনে বিশৃংখলা সৃষ্টি করে ক্ষমতাসীন দলের নেতারা লুটপাট ও ত্রাণ আত্মসাৎ করছে এমন অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে দেশি বিদেশি ত্রান সুষ্ঠু বন্টনের জন্য সেনা নিয়োগের দাবিও জানান তিনি।