সংকট নিরসনে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন : কাতারের শেখ

প্রকাশিত: September 18, 2017 | সময়: 11:21 am

আন্তর্জাতিক ডেস্ক ॥
আরব দেশগুলোর সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে জাতীয় পর্যায়ে আলোচনার আহবান জানিয়েছেন কাতারের রাজ পরিবারের সদস্য আব্দুল্লাহ বিন আল-থানি। রোববার এক টুইট বার্তায় তিনি এই আহবান জানান।

গত ৫ জুন সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে সৌদি আরব, মিশর ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। সে অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদসহ আরবদেশগুলোর দেওয়া বিভিন্ন শর্ত মানতে নারাজ কাতার। ফলে তিন মাস অতিক্রম হলেও কাতারের সঙ্গে উপসাগরীয় দেশসমূহের সংকট নিরসন হয়নি।

এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে শেখ আব্দুল্লাহ বলেছেন, ‘পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আমরা আমাদের ভবিষ্যৎ ভাগ্যের উপর ছেড়ে দিতে পারিনা।’

জাতীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উপায় খুঁজে বের করা সম্ভব বলে তিনি মনে করেন।

শেখ আব্দুল্লাহ তার টুইট বার্তায় আরও বলেছেন, সৌদি বাদশাহ সালমান কাতার ও সেদেশের জনসাধারণের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখ্য কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্নে নেতৃত্ব দিচ্ছে সৌদি সরকার। সূত্র: আরব নিউজ