জনগণের ক্ষুধা নিয়ে সরকার তামাশা করছে : রিজভী

প্রকাশিত: September 22, 2017 | সময়: 4:22 pm

স্টাফ রিপোর্টার ॥
জনগণের ক্ষুধা নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, খাদ্যের অনুপযোগী চাল বা গম সরবরাহ করা সংবিধান পরিপন্থী। এটির মাধ্যমে সরকার শুধু সংবিধান বিরোধী কাজই করেনি, মানবতাবিরোধী কাজ করছে, জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে।

পচা গমের পর এবার আমদানি করা হয়েছে পচা চাল জানিয়ে তিনি বলেন, পচা চাল নিয়ে তোলপাড় শুরু হয় চট্টগ্রামজুড়ে। এদিকে প্রায় এক মাস আগে থাইল্যান্ড থেকে পচা গমের চালান আসার পরও এখনও জাহাজ দুটি চট্রগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় থাকায় একটি জিনিস পরিস্কার যে, এর পিছনে সরকারের রাঘব বোয়ালরা জড়িত।

গত ২০ দিন ধরে পচা চাল খালাসের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, এ নিয়ে যেন কোনো বুমেরাং না হয় তাই গত ২০ দিন ধরে সরকারের খাদ্য বিভাগ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেকটা গোপনে কাজ করে গেছেন। কোন কারণে ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এখন তা হজম করতে পারছেনা- বলে মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগের ক্ষমতা ক্ষুন্ন করার চিন্তা সরকারের নেই। বরং ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ- আইনমন্ত্রী আনিসুল হকের এই বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আইনমন্ত্রীর এমন বক্তব্য হাস্যকর ও র্নিলজ্জ মিথ্যাচার। তার বক্তব্যে ধোকাবাজী ও ধাপ্পাবাজী ছাড়া আর কিছুই নয়।

একদলীয় শাসনের যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছে সেটির গোড়ায় পানি ঢেলে তরতাজা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরকার হামলা চালাচ্ছে – বলে অভিযোগ করেন তিনি।

ক্ষমতাসীনরা ক্ষমতাপ্রীতি ত্যাগ করে গণতন্ত্রের পথে না এলে তাদের পতনের বিউগল আপনা থেকেই বাজবে- বলে মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র।