২০১৪ সালেই ভেঙ্গে গিয়েছিলো বাঁধনের সংসার

প্রকাশিত: September 29, 2017 | সময়: 10:58 am

বিনোদন ডেস্ক ॥

ডিভোর্স হয়ে গেছে লাক্স তারকা আজমেরী হক বাঁধনের। কয়েক বছর ধরে বিষয়টি ছিলো গুজব-গুঞ্জন। তবে বাঁধনের স্বামী মাশরুর সিদ্দিকী সনেট গেল ২১ সেপ্টেম্বর জাগো নিউজকে দেয়া এক সাক্ষাতকারে জানান, ডিভোর্স চেয়ে আবেদন করেছিলেন বাঁধন।

২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানকিভাবেই বিচ্ছেদ হয়েছে তাদের। বাঁধন নিজেই ঢাকা সিটি করপোরেশনের সালিশী পরিষদে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।

আবেদনটি করেছিলেন ২০১৪ সালের আগস্টের ১০ তারিখ। বিচ্ছেদ চাওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ৯০ দিন পার হয়ে গেলেও দুই পক্ষের কেউই আপস মীমাংসার জন্য হাজির হননি এবং কোনো আবেদন করেননি। স্বাভাবিক নিয়মেই বিচ্ছেদটি গৃহীত হয় ২৬ নভেম্বর। তবে ডিভোর্স সার্টিফিকেটে বিচ্ছেদের তারিখ হিসেবে ১০ আগস্টকেই গণ্য করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বাঁধনও ডিভোর্সের বিষয়টি জাগো নিউজের কাছে স্বীকার করে নেন। তবে তিনি বলেন, ‘ডিভোর্সের আবেদন আমি করিনি। সনেটই ডিভোর্স চেয়ে আমাকে নোটিশ পাঠিয়েছে।’

তারকাদের সংসার ভাঙনের নানা খবরের মাঝে বাঁধনের বিচ্ছেদের খবরটি নিশ্চিত হওয়ায় নতুন করে চলছে শোরগোল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এ নিয়ে আলোচনা-সমালোচনা।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যবসায়ী সনেটের সঙ্গে বাঁধন বিয়ের পিড়িঁতে বসেন। অনেকটা গোপনেই বিয়ের কাজটি সেড়ে ফেলেন বাঁধন। গুলশানে স্বামী সনেটের বাড়িতে উঠেন তিনি। বিয়ের এক বছর পর বাঁধনের কোল জুড়ে আসে কন্যা সন্তান সায়রা।