গাজীপুরে ৩৪ যৌনকর্মী খদ্দের আটক

প্রকাশিত: October 12, 2017 | সময়: 11:10 am

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন যৌনকর্মী ও ১৭ জন খদ্দেরকে গ্রেপ্তার করে হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এর আগের দিন চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকার পাঁচটি আবাসিক হোটেল থেকে ১২জন যৌনকর্মীসহ ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের জয়দেবপুর থানার জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাইনবোর্ড এলাকার এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল তথাকথিত আবাসিক হোটেল রাজধানীতে অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা প্রশাসন। দীর্ঘদিন হতে আবাসিক হোটেলের নামে অনৈতিক অবৈধ দেহব্যবসা পরিচালনা করে আসছিল এ হোটেলটিতে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে হোটেলটি থেকে অনৈতিক অবস্থায় গ্রেপ্তারকৃত খদ্দের ও অনৈতিকতার সঙ্গে জড়িত ১৭ জন পুরুষকে ১মাস করে ও ১৭ জন যৌনকর্মীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আবাসিক হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া ও ইশতিয়াক আহমেদ এ অভিযাননের নেতৃত্ব দেন। পুলিশ ও ব্যাটলিয়ন আনসার অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন অনৈতিক ও অবৈধ ব্যবসায় জড়িত আবাসিক হোটেল ব্যবসায়ী এবং বিল্ডিং মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।