স্টাফ রিপোর্টার ॥
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে ইসিকে সামগ্রিক প্রস্তাবনা বিএনপি দিবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার শান্তিনগরে ইস্টার্ন পয়েন্ট অ্যাপার্টমেন্ট- এ দলের স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামের বাসায় তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিক বিএনপি মহাসচিব এ কথা বলেন। এসময় তরিকুল ইসলামের সাথে রোববার নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিতব্য সংলাপের বিষয়বস্তু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি বড় টিম নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসিতে গিয়ে আমরা লিখিতভাবে আমাদের সমস্ত প্রস্তাব তাদের সামনে তুলবো। ইট উইল বি এ ভেরি কমপ্রিহেনসিভ। আমি মনে করি যে, এই প্রস্তাবনা একটা মাইলফলক হয়ে থাকবে।
তিনি জানান, বিএনপি সংলাপে সংসদ বিলুপ্তির কথা সুস্পষ্টভাবে বলবে, সেনাবাহিনী নিয়োগের কথা আমরা সুস্পষ্টভাবে বলবে, নির্বাচনকালীন সময়ে যখন তফসিল ঘোষণা হবে তখন প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সে বিষয়েও বলবে। আরপিও‘র কোথায় সমস্যা আছে সেটা বলবে এবং কি ভোট প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, অবজারভারদের(পর্যবেক্ষক)ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত- ডিটেলস আমাদের প্রস্তাবনায় থাকবে।
মির্জা আলমগীর বলেন, আমরা এখনো বিশ্বাস করি যে, নিরপেক্ষ ও স্বাধীনভাবে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করে তাহলে কিছুটা হলেও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আমাদের যে পারসেপশনটা তৈরি হয়েছে এই যে নির্বাচন কমিশনারের কথায় বা এর গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে, এই কমিশন কতটুকু সেটা পারবে বা তাদের যোগ্যতা আছে – সে ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্ন রেখেছি।
সরকার যদি ক্ষমতাসীন দলই থাকে তাহলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না- এ প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যদি ক্ষমতায় থাকে তাদের অধীনে যদি নির্বাচন হয়। তাহলে সেই নির্বাচন কখনই সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে সরকার প্রধানের ক্ষেত্রে আমরা আমাদের কথা বলেছি যে, এটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, এখানে একটা পরিবর্তন আসা দরকার।
সংলাপের বিষয়ে তিনি বলেন, আমরা আগে থেকে নেতিবাচক কথা বলতে চাই না। কিন্তু পুরো রাজনৈতিক যে অবস্থা তৈরি হয়েছে, সরকার যে ব্যবস্থাগুলো গ্রহন করছে, সরকার যে নির্বতনমূলক আইনগুলো করছে, সরকার যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। এমন কি শেষ আশা-ভরসার স্থল বিচার বিভাগের স্বাধীনতা তারা সম্পূর্ণ হরণ করেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ফখরু বলেন, এটা থেকে সরকারের যে অপউদ্দেশ্যে, তাদের যে হীন উদ্দেশ্য তা একেবারে প্রকাশ্য। তারা(সরকার) বিরোধী দলকে নির্বাচন আসতে দিতে চায় না। এটাকে টিকে রাখার চেষ্টা করে, এটা তারা করছে। জনগনের কাছে এটা পরিস্কার।

