ওয়াটফোর্ডের কাছে আর্সেনালের হার

প্রকাশিত: October 15, 2017 | সময়: 12:51 pm

স্পোর্টস ডেস্ক ॥

প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের স্বাদ পেল আর্সেনাল। শনিবার ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে আলেক্সিস সানচেজকে ছাড়াই খেলতে নেমে ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের প্রথম কর্নারে হেডে গোলটি করেন জার্মান ডিফেন্ডার পের মার্টেজাকার।

বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে সমতায় ফেরে ওয়াটফোর্ড। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনি। আর যোগ করা সময়ে টম ক্লেভারলি গোল করে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়াটফোর্ড।

এদিকে দিনের অপর ম্যাচে স্টোক সিটিকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর পয়েন্ট টেবিলের তলানির দল ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি।