আক্রমণাত্মক ক্রিকেটই খেলবেন মাশরাফিরা!

প্রকাশিত: October 15, 2017 | সময়: 1:11 pm

স্পোর্টস ডেস্ক ॥

টেস্ট সিরিজে হারার পর প্রস্তুতি ম্যাচেও হার। জয় তুলে নেওয়ার চেয়েও এখন অনেকে বেশি গুরুত্ব দিচ্ছেন পরাজয় এড়ানোয়! আর এজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রক্ষণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন অনেকে।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রক্ষণাত্মক খেলার বিপক্ষে। যথারীতি আক্রমণাত্মক ক্রিকেটই খেলে যেতে চান তিনি। সিরিজের উদ্বোধনী ম্যাচ-পূর্বক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না। ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।‘

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন এশিয়ার দেশগুলোর জন্য একটু কঠিনই। মাশরাফির মতে, আক্রমণাত্মক ক্রিকেটই কন্ডিশনের সাথে খাপ খাওয়ানো ভালো ক্রিকেট এনে দিতে পারে- ‘উপমহাদেশের সব দলের জন্য দক্ষিণ আফ্রিকা কঠিন জায়গা। আমরা এখান থেকে বের হতে পারি একমাত্র আক্রমণাত্মক ক্রিকেট খেলে।’