মেসিদের গোল ‘উপহার’ দিলেন রেফারি!

প্রকাশিত: October 22, 2017 | সময়: 12:07 pm

স্পোর্টস ডেস্ক ॥

লা লিগায় বার্সেলোনার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী কে? উত্তর- মালাগা। তাইতো নিজেদের মাঠে খেলা শুরু হতে না হতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মাত্র দুই মিনিটের মাথায় মালাগার জালে বল জড়িয়ে দিয়েছিলেন জেরার্ড ডুফো। কিন্তু গোলটা যে বৈধ ছিল না, তা পরে স্পষ্টই বোঝা গেছে। যে বলটি থেকে গোল করেছিলেন, সেটি লুকাস দিনিয়ে জেরার্ড এর উদ্দেশে ঠেলেছিলেন গোললাইনের বাইরে থেকে।

মালাগার বক্সে দাঁড়িয়ে থাকা জেরার্ড কোনো রকম বাধা ছাড়াই সেই ‘অবৈধ’ বল পাঠিয়েছেন জালে! হতভম্ব মালাগার খেলোয়াড়েরা প্রতিবাদে ছুটে যান রেফারি গঞ্জালো ফুয়ের্তেসের কাছে। কিন্তু তিনি বাজালেন গোলের বাঁশি! অথচ ভিডিও রিপ্লেতে দেখা গেছে, দিনিয়ে দ্বিতীয়বার ক্রস করার আগেই বল চলে গিয়েছিল বাইলাইনের ওপাশে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন ফুটবলপ্রেমীরা। প্রথমার্ধের ওই বিতর্কিত গোলের পর থেকে বিরতির আগ পর্যন্ত মালাগার রক্ষণভাগে সেভাবে আক্রমণ করতে পারেনি স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে মালাগা কয়েকবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। তবে তাদের আশা শেষ হয়ে যায় ৫৬ মিনিটে। ক্লাব ও দেশের হয়ে এক বছরেরও বেশি সময় পর গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ মিডফিল্ডারকে গোল বানিয়ে দেন লিওনেল মেসি। একের পর এক আক্রমণ করেছে মেসি, সুয়ারেজ ও দেউলোফেউকে নিয়ে সাজানো ভ্যালভার্দের আক্রমণভাগ।

ম্যাচের ৬৬ শতাংশ সময় বার্সা বল দখলে রাখলেও ভালোই আক্রমণে করছে মালাগা। বার্সার ১২টি আক্রমণের জবাবে ১৩ বার আক্রমণ করেছে টেবিলে তলানির দলটি। তবে রেফারি ফুয়ের্তেসের ‘উপহার’ দেওয়া সেই গোলটি নিয়ে বিতর্ক কিন্তু সহসাই থামছে না।

লা লিগায় টানা সাতটি ম্যাচ পর থেমেছিল বার্সেলোনার জয়যাত্রা। গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর আবার জয়ের ধারায় ফিরেছে কাতালানরা। এবার মালাগাকে ২-০ গোলে হারিয়েছেন লিওনেল মেসিরা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পড়ে গেলো ৮ পয়েন্ট পেছনে।