স্পোর্টস ডেস্ক ॥ ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল। এরপর থেকে হারতে যেন ভুলেই গিয়েছিল স্পেন। রোববার কনফেডারেশনস কাপ ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ও দুবারের ইউরোপ চ্যাম্পিয়নের গায়ে লেগে থাকা অপরাজেয় তকমটা তুলে ফেলল ব্রাজিল। হতাশ নন স্প্যানিশ কোচ ভিসেন্ত দেল বস্ক। বরং এ হারকে প্রাপ্য মনে করছেন বিশ্বজয়ী কোচ।
ফুটবলে গত পাঁচ বছর ধরে দুর্দান্ত আধিপত্য দেখিয়েছে স্পেন। এ কয়দিনে বিশ্বমঞ্চের একমাত্র এই শিরোপাই অধরা থেকে গেল তাদের কাছে। এই ম্যাচে ব্রাজিল স্পেনের চেয়ে এগিয়ে ছিল জানালেন দেল বস্ক,‘বলতে গেলে এই হারে সুবিধা হয়েছে কারণ আমরা নিজেদের অজেয় মনে করতাম না। আজ আমাদের চেয়ে তারা অনেক বেশি শক্তিশালী ছিল এবং সবদিক থেকেই ভালো খেলেছিল।’
২৯ ম্যাচ পর প্রথম হার। তাই বলে আগামী বিশ্বকাপে দল পরিবর্তনের কথা ভাবছেন না দেল বস্ক। সামনের বছর ব্রাজিলে চেনা পরিচিত দল নিয়েই আসার কথা বললেন এই কোচ,‘গত কয়েক বছর আমরা যা করেছি তাতে খুশি। কিন্তু একটি হারেই ভেঙে পড়া চলবে না। দেখতে হবে, বুঝতে হবে। এই হারে আমরা সন্তুষ্ট নয়। তবে একটি দল যখন সেরা খেলা খেলে, তখন মেনে নিতেই হবে। এই হার আমাদের প্রাপ্য ছিল।’
