রাত ৮টায় খালেদা জিয়া ও সুষমা স্বরাজের বৈঠক

প্রকাশিত: October 22, 2017 | সময়: 3:15 pm

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রোববার রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেবেন বেগম জিয়া। চেয়ারপারসনের মিডিয় উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিক করেছেন।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, আমির খসরু মাহামুদ চৌধুরী, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান ও সাবি উদ্দিন এ বৈঠকে অংশ নেবেন।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এ বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন নিপীড়ন এবং আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রত্যাশার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া সম্প্রতি প্রধান বিচারপতিকে নিয়ে সংঘটিত নানা ঘটনাবলীর প্রেক্ষিতে দেশের বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ এবং বিচার ব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকটের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব দেবে।

সূত্র জানায়, বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ও প্রতিবেশী হিসেবে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে ভারতের আন্তরিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করবে বিএনপি। সে নির্বাচনে ভারতকে বাংলাদেশের জনগণের পক্ষে থাকার আহ্বান জানাবেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে সর্বশেষ বৈঠকটি হয় ২০১৪ সালের ২৭ জুন। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা ২৭ মিনিটে অনুষ্ঠিত সে বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীরসহ ৫জন সিনিয়র নেতা অংশ নেন। তারও আগে ২০১২ সালে ভারত সফরকালে সুষমা স্বরাজের সঙ্গে তার সরকারি বাসভবন বৈঠক করেন খালেদা জিয়া।