স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ধনীতোষণ-নীতির নয়া টেন্ডার পদ্ধতি পরিবর্তনের দাবিতে গাজীপুরে কর্মরত ঠিকাদাররা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষযে বক্তব্য রাখেন, মেসার্স রিফাত ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সেলিম উল্লাহ সরকার, মেসার্স শিউলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মজিবুর রহমান ও ঠিকাদার জিল্লুর রহমান।
বক্তারা এসময় বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও নির্মাণ সামগ্রীর মূল্য ও মূল্য স্ফীতি বৃদ্ধি হলেও তা বিবেচনায় না রেখে চলতি অর্থ বছরে রেট সিডিউলের দর কমানো হয়েছে। প্রবর্তিত নয়া টেন্ডার প্রক্রিয়ায় টার্নওভার ও ব্যাংক লিকুইডিটির সামর্থ বিবেচনার মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা শ্রেণি বৈষম্যমূলক। এতে ধনী ও বিত্তশালী ঠিকাদাররাই শুধু কাজ পান। কিন্তু নতুন ঠিকাদার ও যাদের ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ কম তারা বঞ্চিত হন। এক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ ঠিকাদাররা কাজের অভাবে বেকার হয়ে পড়ছেন। তাছাড়া গুটি কয়েক প্রভাবশালী ঠিকাদারের হাতে জিম্মি হয়ে পড়ায় উন্নয়ন কাজের গতি আরও ধীর হয়ে পড়ছে। তাতে জন দুর্ভোগ আরও বাড়ছে।
এ সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে এলটিএম পদ্ধতিতে প্রাক্কলিত দরে লটারি প্রক্রিয়ার মাধ্যমে অন্তত তিন কোটি টাকার কাজ পাওয়ার প্রক্রিয়া অবিলম্বে চালু করার জন্য দাবী জানান তাঁরা। এছাড়া কম দর ও বেশি দরের যে ১০% বাধ্যবাধকতা দেয়া হয়েছে তা বাতিল এবং প্রচলিত বাজার দরের সাথে সংগতি রেখে প্রাক্কলন তৈরীরও দাবী জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইতোমধ্যে তাদের দাবি সম্বলিত স্মারক লিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ সময় অন্যান্য ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাই ভাই ট্রেডার্সের আক্তার উজ্জামান, বেনজির আহমেদ, বদিউল আলম মনির, সুবাস চন্দ্র মল্লিক, আব্দুল হান্নান মো. মুহিত, জাকির হোসেন, নাজমুল হোসেন নয়ন প্রমুখ।
ঠিকাদারদের মধ্যে অসুস্থ প্রতিযোগীতা বন্ধ, নতুন ঠিকাদারদের টেন্ডারে অংশ গ্রহণ ও কাজের সুযোগ প্রদান, টার্নওভারে তিন কোটি টাকা পর্যন্ত কার্যসম্পাদনকৃত সকল ঠিকাদারদের মধ্যে লটারির বিধান রাখা।

