স্টাফ রিপোর্টার ॥
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণসহ একজন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
শনিবার (২৮ অক্টোবর) রাতে সৌদি আরব থেকে দেশে আসা সিদ্দিক নামের ওই যাত্রীর কাছ থেকে ৩১টি স্বর্ণের বার, ৫টি চেইন ও ১টি আংটি উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সিদ্দিকের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার মতো।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান একটি জাতীয় দৈনিককে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রীজ এলাকায় ওই যাত্রীকে শনাক্ত করেন।
শুল্ক গোয়েন্দারা স্বর্ণ চোরাচালানের বিষয়টি নিশ্চিত হয়ে তার কাছে থেকে ৩ কেজি ৪৬৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যদিও সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালানের বিষয়টি অস্বীকার করেছে।
ড. মইনুল খান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় ১৬ বছর ধরে রিয়াদে চাকরি করা সিদ্দিক বলেন, হাসান নামে একজন ব্যক্তি রিয়াদ থেকে তাকে এসব স্বর্ণ দিয়েছিল।
সিদ্দিক আরো জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানে কর্মরত এক ব্যক্তি তাকে ফোন করে বোর্ডিং ব্রীজ এলাকা থেকে স্বর্ণের চালানটি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

