ঢামেকে বিক্ষোভ করছে চিকিৎসক-নার্সরা, চিকিৎসা সেবা বন্ধ

প্রকাশিত: October 31, 2017 | সময়: 11:53 am

স্টাফ রিপোর্টার ॥
রোগী মৃত্যুর জের ধরে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা বিক্ষোভ কর্মসূচী পালন করছেন। এতে বন্ধ রয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা। সূত্র- ঢাকা টাইমস, একাত্তর টিভি

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে বিক্ষোভ বের করেন তারা। বিক্ষোভে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

চিকিৎসকদের বিক্ষোভের কারণে হাসপাতালের টিকিট কাউটার, ভর্তি কাউন্টার ও ডাক্তারের চেম্বারসহ সব কিছু বন্ধ রাখা হয়েছে।েএতে হাসপাতালে সেবা নিতে আসরা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। এমনকি বিক্ষোভের কারণে মেডিকেলের জরুরি বিভাগে ঢুকতে পারেছেন না রোগীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে চিকিৎসক ও নার্সরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

উল্লেখ্য, গত শনিবার রাতে পুরান ঢাকা থেকে নওশাদ আহমেদ নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাকে হাসপাতালের ভবন ২-এ নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নওশাদ মারা যান।

এরপর তার স্বজনরা ভবনটির তৃতীয় তলায় সিসিইউতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন। তারা চিকিৎসকদের মারধর করেন। নার্সদেরও মারার জন্য তেড়ে যান। তারা হাসপাতালের ওষুধ ও সরঞ্জাম রাখার ট্রলি উল্টে ফেলে দেন। একপর্যায়ে আনসার সদস্যরা ছুটে গেলে মৃতের স্বজনেরা তাদের ওপরও চড়াও হন। এই হামলায় চার চিকিৎসক ও আনসারের তিনজন সদস্য আহত হন।

ঘটনার পর চিকিৎসকরা ছুটে আসেন এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন। তিন ঘণ্টা পর ওই বিভাগ খুলে দেওয়া হয়।