এখন খাদ্য সংকটে পালিয়ে আসছে রোহিঙ্গারা

প্রকাশিত: November 12, 2017 | সময়: 2:57 pm

বাংলাভূমি ডেস্ক ॥
মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসা কোনো ভাবেই থামছে না। নৌকায় সংকট থাকায় ভেলায় করে ভেসে আসছে তারা। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী এখন নির্যাতন না চালালেও ফসল, সহায়-সম্বল লুটপাট করছে। ফলে খাদ্য সংকটে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। সূত্র- ডিবিসি নিউজ।

বাঁশ, কাঠ ও প্লাস্টিকের জেরিকেন দিয়ে তৈরি ভেলায় করে টেকনাফের নাফ নদী পাড়ি দিচ্ছে রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমার সেনাবাহিনী শারীরিক নির্যাতন না করলেও তাদের ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে। ফসল কেড়ে নেয়ায় খাদ্য সংকট তৈরি হচ্ছে।

রোহিঙ্গাদের পালিয়ে আসা অব্যাহত থাকার পেছনে কিছু এনজিও কে দায়ি করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহামুদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গা কেন্দ্রস্থ এনজিও থেকে বলা হয়েছে রোহিঙ্গাবাসীরা বাংলাদেশে আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যাপক সুযোগ পাবে। যার পরিপ্রেক্ষিতেই বর্তমান জিয়ার ভবন।

রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে সহায়তাকারী দালালের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আরও কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, থানা ও জেলা পুলিশে সহযোগে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। দালালরা যেন লোভের বশবর্তী না হয়ে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে নিয়ে আসতে না পারে, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।

গত ২৫শে আগস্টের পর থেকে পুলিশ বাহিনী কক্সবাজারে রোহিঙ্গাদের সাহায্যকারী প্রায় ৫০০ দালালকে আটক করেছে। এরইমধ্যে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।