সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি মানবে না ইসরায়েল : নেতানিয়াহু

প্রকাশিত: December 3, 2017 | সময়: 2:04 pm

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি তার দেশ কখনোই মেনে নেবে না। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের ক্ষেত্রে ইসরায়েলের নীতি এটাই। ইরান পারমানবিক অস্ত্র সিরিয়াকে দিচ্ছে এমন অভিযোগও এনে নেতানিয়াহু বলেন, দেশটিতে তার দেশের বিমান ও রকেট হামলার কারণ এটাই।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নীতি পুনর্বিবেচনা করেই বলছি, আমরা এমন কোনো রাষ্ট্রের উত্থান মেনে নেব না যা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। তাই ইরানকে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করার অনুমতি আমরা দিতে পারি না কারণ দেশটির স্পষ্ট উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করা।

এদিকে ইসরায়েলের স্থানীয় মিডিয়াগুলো বলছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালেও তেলআবিব এ সম্পর্কে এখনো কিছু বলেনি। তবে সিরিয়ার সরকারি মিডিয়াগুলো এ হামলার কথা স্বীকার করেছে। এধরনের ইসরায়েলি হামলা সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি লক্ষ্য করেই করা হয়েছে এবং এতে ইরানের বেশকিছু সেনা হতাহতের ঘটনা ঘটে। তেহরান সিরিয়ায় কোনো ধরনের ঘাঁটি স্থাপনের কথা অস্বীকার করে আসছে। দিন কয়েক আগেও ইসরায়েরের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, সিরিয়ায় ইরানের কোনো সেনা নেই।

তেহরানের পক্ষ থেকে আরো বলা হচ্ছে সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে আইএস জঙ্গি সহ সন্ত্রাস দমনে সাহায্য করছে ইরান এবং তা রাশিয়া ও তুরস্কের মতই সিরিয়ায় ভূমিকা রাখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান একাধিকবার বলেছেন, দেশটির নিরাপত্তার জন্যেই সিরিয়ায় তেলআবিব ইচ্ছেমত আক্রমণ বা হামলা চালিয়ে যাবে। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তিও স্বাক্ষর হয়নি। স্পুটনিক