স্টাফ রিপোর্টার ॥
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারিত করা আছে। কেউ যদি এর থেকে বেশি টাকা খরচ করে বিদেশে যায় সেটা আমাদের কাছে অভিযোগ করলেই আমরা ব্যবস্থা নেবো।
মঙ্গবার ডেইলি স্টার ভবনে ডিবেট ফর ডেমোক্রেসি’র উদ্যোগে ‘অভিবাসন কূটনীতি: সাফল্য, সীমাবদ্ধতা ও করণীয় ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশে ১৬ কোটি জনসংখ্যার ৬০ ভাগ মানুষ কর্মক্ষম (অর্থাৎ ১৮-৫৯ বছরের মধ্যে। প্রতিবছরে প্রায় ২২ লাখ মানুষ কর্মসংস্থানে প্রবেশ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যাবস্থাপনায় বিদেশের শ্রমবাজারে আমাদের কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি কর্মী পাঠানো হয়েছে। চলতি বছরে বিভিন্ন দেশে ৯ লাখ ৫৯ হাজার তিন’শ ৫৪জন বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে। আশা করছি এটা ১০ লাখে উন্নিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে। ৫ লাখ ১৩ হাজার ৮ শত ৭৬ জন। এরপর ওমানে ৮৩ হাজার ১৬ জন, কাতারে ৭৭ হাজার একশো ৪৫ জন এবং কুয়েতে ৪৬ হাজার একশো ৭৪ জন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানে এগিয়ে রয়েছে সৌদি আরব, জর্ডান এবং ওমান।
সংলাপে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেযারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির, বিএমইটির মহা পরিচালক সেলিম রেজা, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো: নুরুল ইসলাম ও ঢাকা ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মহসিন।

