স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: যারা ক্ষমতায় থাকে তারা আদালতের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ষষ্ঠ দিনের মত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ মামলায় রাজনৈতিক গন্ধ আছে। রাজনৈতিক কালেমাযুক্ত। এটি হতে পারেনা। রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দেয়া হয়েছে। ১৭ বছর পর কোনো অশুভ ইঙ্গিতে প্রদীপ জেগে উঠলো। আজকে সারা দেশের মানুষ জানে এ মামলাটা কী, কেন হয়েছে।
তিনি আরও বলেন, এখনো অনেক বিচারক আছেন। যারা আল্লাহকে হাজির নাজির জেনে ন্যায় বিচার করে। তারা ইতিহাস হয়ে থাকবেন। যদি বিচারক ন্যায় বিচার করেন তিনি ইতিহাসে নজির হয়ে থাকতে পারেন। অন্যথায় কলঙ্কিতও হতে পারেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১১টা ৫মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৩০ মিনিটে আদালতে উপস্থিত হন।
বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. আক্তারুজ্জামান ষষ্ঠ দিনের বিচারিক কার্যক্রম শুরু করেন। যা এখনো চলমান।
আদালত প্রাঙ্গণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

