আন্তর্জাতিক ডেস্ক ॥
আগামী ২০ জানুয়ারি থেকে ৪ দিনের সফরে মিশর, জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরপর দুইবার এ সফর পিছিয়ে দেওয়ার পর তৃতীয় বারের মতো মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, মাইক পেন্স কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি, আম্মানে বাদশাহ আব্দুল্লাহ ও ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।
মাইক পেন্স জেরুজালেমে মসজিদে আকসার সীমানায় অবস্থিত ‘পশ্চিম দেয়াল’ও পরিদর্শন করবেন এবং ইসরায়েলে পার্লামেন্টে বক্তব্য দিবেন।
মাইক পেন্সের মুখপাত্র এলিসা ফারাহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই ভাইস প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে সফর করবেন এবং আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা জোড়দার বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, মাইক পেন্স গত ডিসেম্বরেও মধ্যপ্রাচ্য সফরে আসার কথা ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এ সফর স্থগতি করা হয়। সে সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মাইক পেন্সের সঙ্গে দেখা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন। সূত্র: আল আরাবিয়াে

