ভুয়া কাগজপত্র দিয়ে বেগম জিয়াকে শাস্তি দিতে চায় সরকার : জয়নুল আবেদীন

প্রকাশিত: January 11, 2018 | সময়: 1:37 pm

স্টাফ রিপোর্টার ॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তারা ভুয়া কাজপত্র তৈরি করে খালেদা জিয়াকে শাস্তি দিতে চায়। টিভিএনএ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এসময় তিনি বলেন, এই পর্যন্ত রাষ্ট্রপক্ষ আদালতে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তার যেগুলো উপস্থাপন করেছে সেগুলোর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অরজিনাল কাগজপত্র আদালতে হাজির করতে পারে নাই। তার যত কাগজপত্র দিয়েছে সব ভুয়া এবং তৈরি করা। এই মামলার জন্য সব কাগজপত্র প্রসিকিউসন তৈরি করে মামলা করেছে। আদালতের কাছে এসবগুলো উপস্থাপন করা হয়েছে। আদালত যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে তাহলে খালেদা জিয়া এই মামলায় খালাস পাবেন।

জয়নুল আবেদীন বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ ভুয়া কাগজপত্র তৈরি করেছে তাই তারা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি আবেদন করেছে। এর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে বেগম খালেদা জিয়াকে কেন কাউকেই শাস্তি দেওয়া যায় না।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিভিন্ন তারিখে মামলার হাজিরা দিতে আদালতে যান। নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানানোর জন্য রাস্তার পাশে দাড়িয়ে থাকে। পুলিশ এটাকে অপরাধ বলে মনে করে। তারা এটাকে পুলিশের কাজে বাধা বলে অবহিত করছে। একারণে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এই ধরণের শতশত মিথ্যা মামলা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসে। সুতরাং বেগম জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এভাবে মামলা দিয়ে মানুষের শ্রোত কখনো ঠেকানো যাবে না।