ধর্মযাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আমি ব্যথিত ও লজ্জিত: পোপ

প্রকাশিত: January 17, 2018 | সময়: 1:26 pm

বাংলাভূমি ডেস্ক ॥
দক্ষিণ আমেরিকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ক্যাথলিক ধর্মযাজকদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে তিনি যারপরনাই ব্যথিত ও লজ্জিত। তিনদিনের চিলি সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, ২০০০ সালে চিলির ৮০ জন ধর্মযাজক শিশুদের যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হয় এবং বর্তমানে তারা ভ্যাটিক্যান সিটিতে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছে।

সান্তিয়াগোতে চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশলেত, আইনপ্রণেতা, কূটনীতিক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস।

পোপ বলেন, ‘আমি তীব্র ব্যথা ও লজ্জা প্রকাশ করছি। কেননা, এখানে গির্জার কয়েকজন যাজকের দ্বারা শিশুদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থনা এবং ভুক্তভোগীদের সহায়তায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি জরুরি বিষয় হল, আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে, আমরা নিশ্চিত করব ভবিষ্যতে এরকম ঘটনা আর কখনই ঘটবে না।’ দ্য গার্ডিয়ান