স্টাফ রিপোর্টার ॥
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রেডিও স্টেশনগুলোকে মানবাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অনুষ্ঠান উপস্থাপনায় বাংলা, ইংরেজির মিশ্রণ ও ভুল বিকৃত উচ্চারণ বর্জনে আরও বেশি সচেষ্ট হতে হবে। তবে সরকারের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি আরো ব্যাখ্যার দাবি রাখে এমনটাই বলছেন রেডিও স্টেশন সংশ্লিষ্টরা।
ঢাকা এফএমএর নির্বাহী প্রযোজক কিবরিয়া সরকার বলেন, তথ্যমন্ত্রী যেভাবে মানবাংলার কথা বলছেন তা নির্ধারণ করা উচিত। কারণ বাংলার সাথে আমরা বারবার এলোমেলোভাবে ইংরেজি শব্দ ব্যবহার করি। আর এটা কিন্তু এখন থেকে নয় বাংলাভাষার শুরু থেকে এমনটা হয়ে আসছে। বাংলাভাষার সৌন্দর্যই এটা যে, বাংলাভাষা বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। পাশাপাশি একটা দুর্বলতা রয়েছে, সেটা হলো আমরা বেতারে এবং টেলিভিশনে এই ধরনের উপস্থাপনা দেখে অভ্যস্ত। তাই অনেকে সময় না বুঝেই এইভাবে কথা বলার প্র্যাকটিস করে। কারণ তারা ভেবে নিয়েছে রেডিওতে এইভাবে কথা বলা হয়। আর সমস্যাটা আসলে শব্দের মিশ্রণে না, সমস্যাটা শব্দের উচ্চারণে। বাংলাকে যদি বাংলার মতো করে উচ্চারণ করা হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু সমস্যা হলো আমরা বাংলা ভাষাকে ইংরেজির মতো করে উচ্চারণ করি। আর আপনি যদি এখন বলেন, আমি মধ্যযুগীয় বাংলার মতো করে কথা বলবো এবং কোনো ইংরেজি মিশ্রণ করবো না তাহলে এটা নিয়ে রীতিমতো একটা তোলপাড় হয়ে যাবে।
তাহলে বাচন ভঙ্গি এবং শব্দ চয়নে যে সমস্যাগুলো হচ্ছে এটা থেকে বের হয়ে আসার জন্য কী কী পদক্ষেগুলো আসলে নেওয়া উচিত?
এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাভাষার উচ্চারণের উপরে এখনো অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারা বাংলাভাষায় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাহলে তাদেরকে নিয়ে এখন একটি প্রশিক্ষণের প্রতিষ্ঠান অবশ্যই দাঁড় করানো যেতে পারে। তাহলে কেউ যদি কোনো গণমাধ্যমে উপস্থাপকের ভূমিকায় আসতে চান তাহলে তার একটি সর্বনিম্ন যোগ্যতাসম্পন্ন সার্টিফিকেট সরকার থেকে থাকতে হবে এবং সে জন্য সরকারকে একটি প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দিতে হবে।

