ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্ব কার

প্রকাশিত: January 25, 2018 | সময়: 11:10 am

বাংলাভূমি ডেস্ক ॥
ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সচিত্র প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ছাত্রছাত্রীদের ওপর হামলা করেছিল ছাত্রলীগের নেতা কর্মীরা। তাদের ভূমিকা ছিল ভিসি’র আইন রক্ষা বাহিনীর মতই। এর জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখা গিয়েছে। আগামী ২৯ জানুয়ারি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নিশিতা ইকবাল নদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগ শাখার সভাপতি বেনজির হোসেইন নিশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শ্রাবয় শায়লাকে ভিসি অফিসের সামনে আন্দোলনরত ছাত্রীদের ওপর চড়াও হতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক দুটি ঘটনা থেকে মনে হচ্ছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সংস্থার দায়িত্ব নিয়েছে।

সাধারণত প্রক্টোরিয়াল টিমের সদস্যবৃন্দ অথবা পুলিশ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা দেখে মনে হচ্ছে তারা এ দায়িত্ব ছাত্রলীগের হাতেই তুলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দুটি ঘটনায় কর্তৃপক্ষ পুলিশকে ডাকেনি। ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ ছাত্রছাত্রীদের দমন করেছে, ছাত্রীদের হয়রানি করেছে, মারধর করেছে আন্দোলনকারীদের।