চীনের লবণ নিষিদ্ধ করলো পাকিস্তান

প্রকাশিত: March 4, 2018 | সময়: 1:50 pm

আন্তর্জাতিক ডেস্ক ॥
চীনের ‘আজিনো-মোটো’ লবণ নিষিদ্ধ করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত লবণটি স্বাস্থের জন্য বিপজ্জনক হওয়ায় দেশজুড়ে এর বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টে চীনের লবণ আজিনো-মোটো ও রান্নার তেলের উপর একটি স্বতঃপ্রণোদিত আদেশ তথা ‘সুয়োমুটো রুল’ শুনানি হয়। সুয়োমুটো রুল মূলত জনস্বার্থে মামলার প্রসারিত রুপ। শুনানি শেষে প্রধান বিচারপতি সাকিব নিসার লবণটির আমদানি-রপ্তানি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং বিষয়টির যথাযথ তদন্তের জন্য আদালতের প্রধান আইনজীবী মুস্তাফা রামদের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেন।

আদালত তার আদেশটি সকল প্রধান সেক্রেটারী বরাবর পাঠাতে বলেছে ও প্রধানমন্ত্রীকে বিষয়টি সংসদের উত্থাপনের নির্দেশ দিয়েছে। পাঞ্জাবের চিফ সেক্রেটারী জানায়, সিন্ধু প্রদেশে সংবিধানে বৈধতা চ্যালেঞ্জ করার আইনের ১৪৪ নং ধারায় পণ্যটি নিষিদ্ধ করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি পাঞ্জাবের খাদ্য বিভাগ ‘পাঞ্জাব ফুড অথরিটি’ (পিএফএ) লবণটিতে বিপজ্জনক জীবাণু থাকায় তা নিষিদ্ধ করে দিয়েছিল। পিএফএ’র তথ্যানুযায়ী লবণটিতে ‘মনোসোডিয়াম গ্লুটোনিয়াম’ (এমএসজি) থাকায় তা অ্যাজমা, মাথা ব্যথা এমনকি ব্রেইনের ক্ষতিও করতে পারে।

উল্লেখ্য, লবণটির নিয়মিত ব্যবহারে উচ্চ রক্তচাপ, অটিজম, হরমনের অস্বাভাবিকতা, ক্যান্সার, এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। দ্য ন্যাশন, ডন, এনডি টিভি