বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: April 30, 2018 | সময়: 12:57 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আগামী বুধবার (২ মে) বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র সোমবার (৩০ এপ্রিল) এ খবর নিশ্চিত করে।

এর আগে গত রোববার (২৯ এপ্রিল) বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক ওই সম্মেলনে যোগ দিতে ২৭ এপ্রিল সিডনিতে যান প্রধানমন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে।