শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

প্রকাশিত: June 24, 2018 | সময়: 2:13 pm

স্টাফ রিপোটার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুমা আক্তার আল্লাদী (২০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা পর পালিয়েছেন তার স্বামী।

রোববার (২৪ জুন) সকালে উপজেলার মোলাইদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝুমা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কুমারুলী এলাকার শামীম আহম্মেদের স্ত্রী।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে ঝুমা ও তার স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটির শেষে শনিবার (২৩ জুন) স্বামী-স্ত্রী দুজনে গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফেরেন। বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতাণ্ডা হয়। রাতে ঘরের ভেতরে ধারলো অস্ত্র দিয়ে ঝুমাকে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে পালিয়ে যান তার স্বামী শামীম। সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর ঝুমার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী শামীর পলাতক রয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মোস্তাফিজুর।